
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটে উপজেলার করাব ইউনিয়নের মধ্য সিংহগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মধ্য সিংহগ্রামের জলফু মিয়া ওরফে জফু মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল্লা (৩০) এবং সিংহগ্রাম পশ্চিম এলাকার ওয়াজেদ আলীর ছেলে মো. মোসাইদ (৩৩)। তাঁদের দুজনের বাড়িই হবিগঞ্জের লাখাই উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চুরিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফল জানা যায়নি।
এ ঘটনায় লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।