

চুনারুঘাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা এবং ভক্তদের সুশৃঙ্খল উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। তাঁরা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল আউয়াল মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সজাগ রয়েছে। দুর্গাপূজা উদযাপনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের এই পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। সুন্দর আয়োজন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগের জন্য তাঁরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।