
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং উপহার দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বিজিবি-২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের উপহার দেন।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই যেন নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্যাপন করবেন—এটাই প্রত্যাশা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এলাকার সার্বিক পরিস্থিতি ও পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া, সমাজসেবক আব্দুল আলীম মীর বাদল, সাংবাদিক হামিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে বিজিবির এ ধরনের পরিদর্শন নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা রাখছে।