
বাংলার খবর ডেস্ক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।