
শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোত্তাকিম চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি আন্দিউড়ার বিভিন্ন পূজামণ্ডপে যান। এ সময় পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মোত্তাকিম চৌধুরী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”
পরিদর্শনকালে গ্রামের বিশিষ্ট মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।