
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ২৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফুল হক।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি বিজিবি-২৫ ব্যাটালিয়নের আওতাধীন ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মেজর আরিফুল হক পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিজিবির এই কর্মকর্তা।
মেজর আরিফুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে বিজিবির প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে বিজিবির এই পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে নিরাপত্তা বাহিনীর সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান।