
পারভেজ হাসান
হবিগঞ্জের লাখাই উপজেলার লোকড়া-মাদনা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। প্রতিদিন এ সড়ক দিয়ে মাদনা থেকে হবিগঞ্জে যাতায়াত করছেন যাত্রীরা। ঝুঁকিপূর্ণ সড়কটিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মাদনা-বেগুনাই সড়কের একাধিক স্থানে বড় বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। উঠে গেছে পিচ ও ইট, বেরিয়ে পড়েছে মাটির স্তর। ভাঙা অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইটের খোয়া ও পাথর। সড়কের বিভিন্ন অংশ এতটাই ক্ষতিগ্রস্ত যে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও যানবাহন ঠেলে বা ধাক্কা দিয়ে ভাঙা অংশ পার করতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এ সড়ক দিয়ে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিকল্প যাতায়াতের সুব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন সাধারণ মানুষ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকেরা। শিশু, অসুস্থ রোগী এবং বৃদ্ধ নারী-পুরুষদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রীদের ভোগান্তির বিষয়ে কথা বলতে গিয়ে মাদনা বাজারের এক স্থানীয় যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জীবনের ঝুঁকি জেনেও সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে। সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রতিমুহূর্তে আতঙ্কে থাকতে হয়।
এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ লোকড়া-মাদনা সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেবে। দ্রুত সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।