
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।
রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর ডিবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এদিকে, এক বিবৃতিতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দাবি করেছেন, আত্মরক্ষার্থেই তিনি অস্ত্র প্রদর্শন করেছেন।
সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে যান ইশরাক হোসেন। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি থেকে নেমে একদল লোককে তাড়া করছেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁর দেহরক্ষীদেরও কয়েকজনকে ধরার চেষ্টা করতে দেখা যায়। মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ইশরাক হোসেন তাঁর ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসেন।
অস্ত্র প্রদর্শনের বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে ডিবি।