
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এসব মণ্ডপ পরিদর্শন করেন। অ্যাডভোকেট আমিনুল ইসলাম বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে কানাডায় অবস্থান করছেন।
মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক কামরুল হাসান শামীম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্য আসাদুজ্জামান শামীমসহ স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি অ্যাডভোকেট আমিনুল ইসলামের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেন।
শুভেচ্ছা বিনিময়কালে কামরুল হাসান শামীম বলেন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিদেশে অবস্থান করলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে তিনি আন্তরিক। তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে গিয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া ও অনুদান প্রদান করা হচ্ছে।
পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান। প্রবাসে থেকেও তাঁদের খোঁজখবর নেওয়া ও পাশে দাঁড়ানোর জন্য তাঁরা অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং পরিদর্শনে অংশ নেওয়া নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শন শেষে নেতারা দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।