
বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
হবিগঞ্জ, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার:
ডেঙ্গুর কোপ থেকে জেলাবাসীকে মুক্ত রাখতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সিভিল সার্জন কার্যালয়। আজ শনিবার দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।
কার্যক্রম চলাকালে স্থানীয় জনগণের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ সিকদার এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা উপস্থিত থেকে সাধারণ মানুষের সামনে ডেঙ্গু রোগের কারণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অভিযান পরিচালনাকালে শায়েস্তানগর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরীক্ষা করেন সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ান দীপঙ্কর এন্দো। পরীক্ষা শেষে তিনি কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা শনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে লার্ভার প্রজননস্থল ও উৎসগুলো ধ্বংস করেন। একই সাথে বাসাবাড়ি ও দোকানপাটের আশপাশে পানি জমতে না দেওয়া এবং চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করি এবং নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুমুক্ত হবিগঞ্জ গড়ে তুলি।