

লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগ ও নির্দেশনায় বামৈ বড় বাজারে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযান পরিচালনাকালে বামৈ বাজারের অলিগলি, নালা-নর্দমা এবং ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা ও ডাবের খোসা থেকে পানি অপসারণ করা হয়। পরিচ্ছন্নতার পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য সচেতনতামূলক আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা কামাল আহমেদ ঠাকুর, ৪নং বামৈ ইউনিয়ন বাজার কমিটির সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এই অভিযানে অংশ নেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মইনুদ্দিন আহমেদ ছোটু ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শেরে আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান শেষে ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন, ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সারাদেশের ন্যায় বামৈ বাজারেও এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
উপস্থিত Ok প্রত্যাশা ব্যক্ত করেন যে, নিয়মিত এ ধরণের পদক্ষেপ ও সার্বিক সচেতনতার মাধ্যমে বামৈ বাজারসহ সমগ্র লাখাই উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে।