
লাখাই প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের লাখাই উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার ১ নম্বর লাখাই ও ৫ নম্বর করাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সুবিধার্থে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুন রায়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, লাখাই ও করাব ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কমিটির মাঠপর্যায়ের কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফ্যামিলি কার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের কাছে যেন এ কার্ড পৌঁছায়, তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সুবিধা ও সরকারি সহায়তা সহজে পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক প্রযুক্তিনির্ভর ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হলে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। এর ফলে প্রকৃত যোগ্য ব্যক্তিরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
লাখাইয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম এগিয়ে গেল। তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন ও সহায়তা নিশ্চিত করতে তথ্য যাচাই এবং স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।