
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। মেয়েকে দ্রুত উদ্ধার ও মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার বাবা নূর আলী।
এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বানেশ্বর গ্রামের কবরস্থানের পাশ থেকে তাহমিনাকে একটি সংঘবদ্ধ চক্র গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। তাহমিনা মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙা গ্রামের নূর আলীর মেয়ে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন জোয়ালভাঙা গ্রামের এলাম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২০), শাহ আলম মিয়ার ছেলে শুভ মিয়া (২১), মৃত আরজু মিয়ার ছেলে এলাম মিয়া (৫০) এবং মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম মিয়া (৪৫)।
এজাহারে অভিযোগ করা হয়েছে, তাহমিনাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর তাহমিনার বাবা নূর আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদালতে নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
তাহমিনার বাবা নূর আলী বলেন, “আমার মেয়েকে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও এখনো খুঁজে পাচ্ছি না। আদালতে মামলা করার পর আসামিরা সদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ে বেঁচে আছে কি না, অন্তত সেই খবরটুকু জানতে চাই।”
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের অধিকাংশের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মৃদুল হাসান তরফদার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বাদীপক্ষ পুলিশকে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেন তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টার কমতি নেই।
নিখোঁজ তাহমিনার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।