
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর গ্রামের মাঠ থেকে একটি সেচ প্রকল্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ট্রান্সফরমার দুটি চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সময়মতো জমিতে পানি দিতে না পারলে ফসলের ক্ষতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
জানা গেছে, গত রাতে নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নেয় তারা। ট্রান্সফরমারের খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় চোরচক্র।
নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় প্রকল্পের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আসন্ন বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়া নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, ট্রান্সফরমার না থাকায় প্রয়োজনের সময় জমিতে পানি সরবরাহ করা সম্ভব হবে না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।
এলাকাবাসী জানান, কৃষিকাজে সেচের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের চুরির ঘটনা কৃষকদের স্বাভাবিক কৃষিকাজে বাধা সৃষ্টি করছে। তাই দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে সেচব্যবস্থা সচল করা জরুরি।
স্থানীয়রা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।