
বাংলার খবর ডেস্ক
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদানের অর্থ পাননি, তাঁদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট রোগীদের ২০২৬-২৭ অর্থবছরের নতুন নীতিমালা অনুযায়ী পুনরায় আবেদন করার মাধ্যমে অনুদান দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার যেসব আবেদন অনুমোদন বা প্রক্রিয়াকরণের পরও অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেগুলো অপেক্ষমাণ রয়েছে। এসব আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।
তবে আগের অর্থবছরের আবেদনগুলো করা হয়েছিল ২০১৯ সালের কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার আলোকে। অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন নীতিমালার নাম ‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’।
এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে নতুন নীতিমালার আলোকে নতুন করে আবেদন আহ্বানের মাধ্যমে অনুদানের অর্থ প্রদানের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।