
লাখাই প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।
এর আগে কন্যাশিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও সমাজের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বাল্যবিয়ে কন্যাশিশুদের বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার পথে বড় বাধা। এ বাধা দূর করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, শিক্ষিকা জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পজিপ কর্মকর্তা কে এম সাহেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আজম এবং শিক্ষার্থী রুবাইয়া ইসলাম ও নাইমা আক্তার।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।