

রুবেল মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের আয়োজন পণ্ড হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বর ও কনের জন্মনিবন্ধন সনদ যাচাই করা হয়। উভয় পক্ষের বয়স ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় বরের বাবা উপস্থিত না থাকায় তাঁর চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তাঁরা ভবিষ্যতে এ ধরনের বিয়ের আয়োজন করবেন না বলে অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সতর্ক অবস্থানে রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।