
বাংলার খবর ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণে তাঁর সরকারের পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মোদি সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন।
ভারতে ভোটাধিকার রক্ষা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে বেণুগোপালের এ বক্তব্য সামনে এল। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল করার চেষ্টা করছেন। তবে এসব পদক্ষেপ সরকারের পতন ঠেকাতে পারবে না বলে দাবি করেন তিনি।
বেণুগোপাল আরও অভিযোগ করেন, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন। তাঁর দাবি, এ কারণেই দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার এবং আন্দোলনকারীদের আটকের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ঘিরে বিরোধী দলগুলোর প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের ভোটাধিকার সুরক্ষার দাবিতে আগামী সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।
এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনব্যবস্থা নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই দাবিতে সোমবার দেশের প্রধান বিচারপতির সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
কে সি বেণুগোপাল বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নির্বাচনব্যবস্থায় সংস্কারের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে।
সূত্র: রেডিফ