

জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে দীর্ঘ আট মাস পর ইউরিয়া সার উৎপাদন শুরু হওয়ার দুই দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে কারখানার বয়লারে লিকেজ দেখা দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস পর গ্যাস সংযোগ পাওয়ায় গত সোমবার রাতে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়।
তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার সংশ্লিষ্টরা ত্রুটি শনাক্ত করে মেরামতের উদ্যোগ নিয়েছেন।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টনে নেমে এসেছে।
দীর্ঘ সময় বন্ধ থাকার পর উৎপাদন শুরুর পরপরই ফের বন্ধ হয়ে যাওয়ায় কারখানার উৎপাদন কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।