
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাঁদপুর অঞ্চলের সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মধ্যচর সাহেবগঞ্জ বাজারসংলগ্ন মোল্লা কান্দি যুব সমাজ কল্যাণ সংঘ নুরুল হক মঞ্জিলা জুনিয়র হাইস্কুলের শ্রেণিকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লা, নীলকমল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কমিটির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ, সহসভাপতি মো. মোশারফ হোসেন এবং সদস্য স্বপন কুমার সরকার।
এ ছাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, এমজেএসকেএনএলএম জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল আজিম, সমাজসেবক আব্দুল হক মোল্লা ও সমাজকর্মী মহসিন উদ্দিন দুদু মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হওয়ার শিক্ষাও অর্জন করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে শিক্ষার্থীসহ সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনো পরিবারে বাল্যবিবাহের পরিস্থিতি তৈরি হলে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তা বন্ধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকার মুরুব্বিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কেউ মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে ৩৩৩ নম্বরে ফোন করে পরিচয় গোপন রেখে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। এ সময় তিনি সামাজিক কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা পড়াশোনা করে এই চর থেকে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, চরাঞ্চলে মাদকের বিস্তার রয়েছে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একজন শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিতে পারে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইভটিজিং প্রতিরোধে শিক্ষক, সমাজসেবী ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মেয়েরা যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও সবাইকে নজর রাখার কথা বলেন তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।