

লাখাই প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামে ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘প্রয়াত ধলাই স্মৃতি পর্ষদ’-এর উদ্যোগে ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিংহ গ্রামের বিভিন্ন ফাঁকা রাস্তার দুই পাশে পর্যায়ক্রমে ১ হাজার চারা রোপণ করা হবে। কর্মসূচির অংশ হিসেবে সিংহ গ্রাম রোডসংলগ্ন শাহ বায়েজিদ কেজি অ্যান্ড হাইস্কুলের সামনে কয়েকটি চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্যোক্তারা জানান, পরিবেশ সুরক্ষা ও গ্রামের সবুজায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির সার্বিক অর্থায়ন করছেন সিংহ গ্রামের কৃতী সন্তান ইতালি প্রবাসী রাকিব হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও স্কুলশিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন লাখাই প্রেস ক্লাবের সভাপতি বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, হবিগঞ্জ জেলা ‘নোঙর’-এর সদস্য ও লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পারভেজ হাসান এবং সাংবাদিক কামরুল হাসান সুজন।
এ ছাড়া শাহ বায়েজিদ কেজি অ্যান্ড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয়রা জানান, পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে গ্রামের বিভিন্ন ফাঁকা রাস্তার দুই পাশে গাছ লাগানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।