

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহমুদুর রহমান ফারদিন মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লাখাই উপজেলায় প্রথমবারের মতো কোনো স্কাউট এ সম্মাননা অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ফারদিনের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্কাউট ইউনিট লিডার এবং উপজেলা ও জেলা স্কাউটের সম্পাদক ও কমিশনারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার বাবা।
তিনি একই সঙ্গে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী ফারদিনসহ সব কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
ফারদিনের এ অর্জনে তার নিজের পাশাপাশি কালাউক উচ্চ বিদ্যালয়ের সুনামও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লাখাই উপজেলার জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
তার সাফল্যে স্থানীয় সুধী সমাজ, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।