
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে মোত্তাকিন মিয়া (৮) নামে এক মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া গ্রামের নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়।
মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ুম জানান, বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার পানির ট্যাংকের পানি শেষ হয়ে যায়। পাশাপাশি টিউবওয়েলটিও নষ্ট থাকায় শিক্ষার্থীদের পুকুরে গোসল করতে পাঠানো হয়। এ সময় সাঁতার না জানা মোত্তাকিন পানিতে নেমে ডুবে যায়।
তিনি জানান, গোসলের সময় মোত্তাকিন পানিতে তলিয়ে গেলে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মাদ্রাসায় নিয়ে আসে। পরে দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোত্তাকিনের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।