
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেলসদৃশ কিছু বস্তু রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
হাসান মুহতারিম বলেন, বিষয়টি নিশ্চিত হতে এসআরবি-২-এর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে পারবেন।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠেও ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া যায়।