
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রে বসবাসরত মাধবপুরবাসীদের সংগঠন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৬-২০২৮) এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক, কবি ও লেখক ড. আশরাফ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা জকি উদ্দিন চৌধুরী, আব্দুর রউফ ও জাকির হোসেন চৌধুরী (অসীম) উপস্থিত ছিলেন। এ ছাড়া আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসিরসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত মাধবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা মাধবপুরবাসীর পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্প্রীতি জোরদারের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক. প্রবাসে বসবাসরত মাধবপুরবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের পাশাপাশি মাধবপুরের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।