
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে অংশ নেবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা। এতে টেস্ট খেলুড়ে প্রায় সব দেশই অংশ নিচ্ছে। থাকছেন বিশ্ব ক্রিকেটের পরিচিত তারকারাও। পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের মঈন আলীর মতো ক্রিকেটারদেরও দেখা যাবে এবারের আসরে।
বাংলাদেশের হয়ে মাঠে নামবেন সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ চ্যাম্পিয়নস। বুধবার আসরের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে দলে রাখা হয়েছে নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদারসহ অভিজ্ঞ ক্রিকেটারদের।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। ৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি।
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।