
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উষা রাণী দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নারায়ণ দেবনাথ পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উষা রাণী দেবনাথ ওই গ্রামের মনোরঞ্জন দেবনাথের মেয়ে। অভিযুক্ত নারায়ণ দেবনাথ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আজম মৃধা জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে উষা রাণী দেবনাথের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানান।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নারায়ণ দেবনাথ মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। তাকে অনেক সময় মাতাল অবস্থায় রাস্তাঘাটে দেখা যেত বলেও দাবি করেন তারা।
ইউপি সদস্য আজম মৃধা বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা প্রয়োজন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
নাসিরনগর থানার এসআই মোঃ মাহবুব রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত নারায়ণ দেবনাথ পলাতক রয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।