
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন চিকিৎসক সংকটে থাকা হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আগামী সপ্তাহ থেকে সপ্তাহে তিন দিন এমবিবিএস চিকিৎসক রোগী দেখবেন। এতে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এলাকার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান। তিনি জানান, ডা. সায়েমুল হুদা, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) সপ্তাহে তিন দিন নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখবেন।
দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটিতে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছিল। বর্তমানে সেখানে ফার্মাসিস্ট নাসরিন আক্তার ও মিডওয়াইফ আয়েশা আক্তার কর্মরত রয়েছেন। তবে গত ৬-৭ বছর ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদটিও শূন্য রয়েছে।
মিডওয়াইফ আয়েশা আক্তার জানান, ২০২২ সালে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুনের উদ্যোগে একজন এমবিবিএস চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছিল। তিনি কিছুদিন কর্মস্থলে আসার পর আর নিয়মিত দায়িত্ব পালন করেননি। এরপর থেকে আর কোনো চিকিৎসক নিয়মিতভাবে এখানে দায়িত্ব পালন করেননি।
স্থানীয়রা জানান, প্রতিদিন শতাধিক রোগী এই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক না থাকায় অনেক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা বেসরকারি চিকিৎসাকেন্দ্রে যেতে হতো। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ভোগান্তির পাশাপাশি চিকিৎসা ব্যয়ও বেড়ে যেত।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত একজন চিকিৎসক থাকা জরুরি। এখানে প্রতিদিন অনেক রোগী চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক না থাকায় এতদিন তাঁরা দুর্ভোগে পড়েছেন।
সপ্তাহে তিন দিন এমবিবিএস চিকিৎসক দিয়ে সেবা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত দিনে চিকিৎসাসেবা নিয়মিত চালু থাকবে এবং ভবিষ্যতে উপস্বাস্থ্য কেন্দ্রে স্থায়ীভাবে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা হবে।