
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী আহমদ হোসেন, সাবেক সংসদ সদস্য আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু পর আইনজীবীরা সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছান। এ সময় আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত হলেও নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠে দুই আইনজীবীর বিরুদ্ধে। পরদিন ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত দুজন আইনজীবী হওয়ায় রায় নিয়ে তাদের করা মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণেই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের কার্যক্রমে দুই আইনজীবী নিজেদের অবস্থান ও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেবেন।