
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাড়িয়া গ্রামের কৃতী সন্তান হাজী মো. অলি উল্লাহ ইন্তেকাল করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
বুধবার দেওয়া এক শোকবার্তায় এমপি ফয়সল বলেন, হাজী মো. অলি উল্লাহ তাঁদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
শোকবার্তায় সৈয়দ মো. ফয়সল আরও বলেন, হাজী অলি উল্লাহর মতো হৃদয়বান ও নিবেদিতপ্রাণ একজন মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাঁদের এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।