
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার জনবহুল বুল্লা বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে বাজার পরিদর্শন করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।
মঙ্গলবার গভীর রাতে ওসি শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল আকস্মিকভাবে বুল্লা বাজার পরিদর্শন করে। এ সময় পুলিশের সদস্যরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরীদের খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও সতর্কতা অবলম্বন ও সন্দেহজনক কোনো ব্যক্তির গতিবিধি নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে বাজারে একাধিক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গভীর রাতে ওসির আকস্মিক বাজার পরিদর্শন ও পুলিশের তৎপরতায় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
লাখাই থানা পুলিশ জানিয়েছে, বুল্লা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।