
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি গলায় ফাঁস লাগা অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলে মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। এ ঘটনায় সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গাজী নজরুল ইসলাম রোববার ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা জমা দেন।
গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় ওই মামলায়। পরে গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে গাজী নজরুল ইসলাম আট সপ্তাহের জামিন পান।
চলতি বছর গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভিডিওতে থাকা তরুণীকে পরে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে জানান।
এরপর গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয় দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে গাজী নজরুল ইসলাম তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।