

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ তৈরিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন এসেছে। পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও রোগীদের সুযোগ-সুবিধা বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তবে এসব ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি হাসপাতালকে ঘিরে কথিত দালাল বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, জরাজীর্ণ টয়লেট সংস্কার, ময়লা-আবর্জনায় ভরা ড্রেন পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। জরুরি বিভাগে রোগীদের অবস্থানের সুবিধা বাড়ানোর পাশাপাশি হাসপাতালের ছাদের ক্ষতিগ্রস্ত টিনও সংস্কার করা হয়েছে। ফলে বৃষ্টির সময় পানি পড়ার সমস্যা আগের তুলনায় কমেছে।
হাসপাতালসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন্নবী মাসুম দায়িত্ব নেওয়ার পর এসব উদ্যোগ নেওয়া হয়। রোগীদের সেবা গ্রহণ সহজ করতে বিনামূল্যে টিকা কার্ড দেওয়াসহ বিভিন্ন জনবান্ধব কার্যক্রমও চালু রয়েছে।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় পরিবর্তন চোখে পড়ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে একই সঙ্গে হাসপাতালের সেবা নিতে আসা রোগীদের ঘিরে কথিত দালাল বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা নিয়েও উদ্বেগ রয়েছে।
রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে কেউ কেউ পরীক্ষা-নিরীক্ষা কিংবা চিকিৎসাসংক্রান্ত বিষয়ে হাসপাতালের বাইরের ব্যক্তিদের প্রভাব বা পরামর্শের মুখোমুখি হন। তাদের দাবি, এ ধরনের পরিস্থিতি রোগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং চিকিৎসাসেবা গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়ায়ও সমস্যা সৃষ্টি করতে পারে।
স্থানীয়দের মতে, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিবেশের পরিবর্তন ইতিবাচক হলেও রোগীদের হয়রানি বা বিভ্রান্তির অভিযোগগুলোও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এ জন্য হাসপাতালকেন্দ্রিক যেকোনো অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের কথিত তৎপরতা শনাক্তে নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি রোগীদের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাব্যবস্থা আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হবে বলে মনে করছেন স্থানীয়রা।