
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে রাতের বেলাতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে বাজারের প্রধান সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও মানুষের ভিড়ে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বুল্লা বাজারে যানজট এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিত ইজিবাইক ও রিকশা চলাচল, সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং এবং চালকদের অসচেতনতার কারণে যানজটের তীব্রতা বাড়ছে।
এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন ও বেপরোয়া চলাচলের কারণে সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই বাজারে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা বা স্বেচ্ছাসেবক না থাকায় চালকরাও অনেক সময় নিজেদের মতো করে যানবাহন পরিচালনা করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
রাতেও দীর্ঘ সময় যানজট থাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে চলাচলকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য যানবাহনও যানজটে আটকা পড়ার আশঙ্কা রয়েছে।
জনসাধারণের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বুল্লা বাজারে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা আনা, সড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধ এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।