
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে গুরুতর আহত স্কুলছাত্রী ইসরাত জাহান ইভার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের ছালেহাবাদ গ্রামে সংগঠনটির ১০৮তম মানবিক কর্মসূচিতে ইভার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আগুনে পুড়ে ইভার মুখমণ্ডলের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়। বর্তমানে তিনি ঢাকার একটি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবারের পাশে দাঁড়াতেই স্বচ্ছতা গ্রুপ এ সহায়তা প্রদান করে।
স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শাহিদুল আলম সর্দার। সদস্য মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক মাওলানা সুলাইমান মিয়া জিহাদী, খতিব মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন সালেহী ও আবুল কালাম আজাদ।
এ সময় স্বচ্ছতা গ্রুপের সদস্য ও সাংবাদিক শেখ ইমন আহমেদ,সাব্বির হাসান সাগর,সিদ্দিক মিয়া, মোস্তুফা কামাল শিবলী, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও জুবাইদ মিয়া রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় মানুষের চিকিৎসার ব্যয় বহনে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।
তারা জানান, ২০১৮ সাল থেকে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় স্বচ্ছতা গ্রুপের তিন সদস্যকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।