
বাংলার খবর ডেস্ক:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৮ম নিয়োগের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হবে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীদের আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, এমপিওভুক্তি ও এমপিও-সংক্রান্ত কাগজপত্র, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
এ ছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত এসব কাগজপত্রের এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।
প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ের ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। কার্যালয়ের ঠিকানা ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
মৌখিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।