
বাংলার খবর ডেস্ক যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ধরনের সন্দেহজনক যোগাযোগ থেকে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত কারও কাছে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কার্ড নম্বরসহ সংবেদনশীল আর্থিক তথ্যও রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ যদি মার্কিন কূটনীতিকের পরিচয় ব্যবহার করে অনলাইনে যোগাযোগ করে এবং অর্থ বা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে তাতে সাড়া দেওয়া উচিত নয়। কোনো ধরনের প্রলোভন বা অনুরোধের ভিত্তিতে আর্থিক লেনদেন থেকেও বিরত থাকতে হবে।
ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের বিষয়ে সচেতন থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে প্রতারকদের সম্ভাব্য ফাঁদ এড়াতে সন্দেহজনক যোগাযোগ যাচাই ছাড়া কোনো তথ্য বা অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল থেকে সতর্ক থাকতে হবে। দূতাবাসের কর্মীরা অনলাইনে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চান না। তাই এ ধরনের অনুরোধে সাড়া না দিয়ে অর্থ পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।