
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
শীতকাল শুরু হওয়ার আগেই হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওড় ও জলাশয়ে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকারের অভিযোগ উঠেছে। শিকার করা এসব পাখি স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে শিকার করা পাখি বিক্রির এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র ভোররাত ও গভীর রাতে বিভিন্ন ফাঁদ, বিষটোপসহ নানা পদ্ধতিতে পাখি শিকার করছে। পরে সেগুলো চড়া দামে স্থানীয় হাট-বাজারে বিক্রি করা হচ্ছে।
পরিবেশপ্রেমীরা বলছেন, পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতিকর পোকামাকড় দমনেও পাখির ভূমিকা রয়েছে। নির্বিচারে পাখি শিকারের কারণে এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সচেতন নাগরিকরা অবিলম্বে পাখি শিকার ও বিক্রি বন্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের নিয়মিত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।