
ডেস্ক নিউজ বাংলার খবর :
দেশের শিল্প-কলকারখানায় নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মঙ্গলবার রাত থেকেই শিল্প খাতে আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া সংকটের আগের অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হলো—শিল্প-কলকারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়া।
ফজলুল হক আরও বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছিল, তা কাটিয়ে আগের অবস্থায় ফেরার বিষয়ে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।