
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তৌহিদ মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টা ৫ মিনিটের দিকে উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পূর্বগ্রামের বাগবাড়ী মাজারবাড়ির পূর্ব পাশের কবরসংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদ মিয়া বামৈ পশ্চিমগ্রামের মৃত শাহাব উদ্দিন ওরফে শাহ ফারুক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই (নিঃ) মোহাম্মদ আবু কাউছার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় তৌহিদ মিয়াকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।
লাখাই থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।