
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
উন্নত জীবনের আশায় অনেক পরিবার সর্বস্ব বিক্রি করে কিংবা ঋণ নিয়ে দালালের মাধ্যমে সন্তানকে অবৈধ পথে বিদেশে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু দালালদের মিথ্যা আশ্বাসে নেওয়া এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত পরিবারে ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়।
অবৈধভাবে বিদেশ যাওয়ার পথে সাগর পাড়ি দিতে গিয়ে ট্রলারডুবি, দুর্গম সীমান্তে বিপদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক কিংবা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। গন্তব্যে পৌঁছালেও অনেকে কারাবাস, মানবেতর জীবন, নিখোঁজ হওয়া কিংবা মুক্তিপণের দাবিতে নির্যাতনের শিকার হন।
অভিভাবকদের তাই দালালের প্রলোভনে না পড়ে সন্তানকে বৈধ ও নিরাপদ পথে বিদেশ পাঠানোর বিষয়ে সচেতন হতে হবে। অন্যের দেখাদেখি কিংবা দ্রুত সচ্ছল হওয়ার আশায় জীবনের ঝুঁকি নেওয়া কোনোভাবেই কাম্য নয়। মনে রাখতে হবে, অর্থ-সম্পদের চেয়ে সন্তানের নিরাপদ জীবনই সবচেয়ে মূল্যবান।