
বাংলার খবর ডেস্ক
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন কয়েকশ মানুষ। মিছিলে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হলে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করছেন। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।