
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের পরিচিত ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ওই বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।নিহত দুলাল দেবের শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।