
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁর ছেলে ব্যারিস্টার জাকারিয়া রকি। তাঁর দাবি, চিকিৎসকের অবহেলা এবং জোরপূর্বক ইনজেকশন পুশ করার ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জাকারিয়া রকি বলেন, তাঁরা এ ঘটনায় করা তদন্তের প্রতিবেদন পেয়েছেন। ওই প্রতিবেদনে চাঁদের হাসি হাসপাতাল ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনকে অভিযুক্ত করা হলেও চিকিৎসক ডা. সোলাইমানের সম্পৃক্ততার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
তিনি অভিযোগ করেন, তাঁর বাবার চিকিৎসায় ডা. সোলাইমানের গাফিলতি ছিল এবং সেই কারণেই তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করেন। তদন্ত প্রতিবেদনে চিকিৎসককে অভিযুক্ত না করার বিষয়টিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন।
ব্যারিস্টার জাকারিয়া রকি আরও জানান, এ ঘটনায় তাঁরা শিগগিরই আইনগত পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা রফিক মারা যান। তিনি দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ছাড়াও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত চিকিৎসকের গাফিলতি ও ইনজেকশন পুশ-সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।