

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল মন্নান মনু মিয়ার বলে শনাক্ত করেন।
জানা যায়, গত শুক্রবার সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন আব্দুল মন্নান মনু মিয়া। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধানে চেষ্টা চালিয়ে আসছিলেন।
পরে মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার একটি বিলে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।