
বাংলার খবর ডেস্ক
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। একই সভায় ওয়াদা সম্পাদক শফিকুল আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন। সভায় এনইসির উপস্থাপিত গঠনতন্ত্র কিছু সংশোধনীসহ অনুমোদন করা হয়।
শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে সম্পাদকরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় আমার দেশ সম্পাদক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সংগঠনটি প্রথম সভাতেই গঠনতন্ত্র অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাত্রা শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই এবং বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে। এখন আত্মসমালোচনার মাধ্যমে দেখতে হবে, সম্পাদকদের একটি অংশ কীভাবে চাটুকারিতার মাধ্যমে একটি সরকারকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহায়তা করেছিল। তার ভাষ্য অনুযায়ী, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল, তাদেরও একসময় সাংবাদিকতার আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে সাংবাদিকদের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, গত ১৭ বছরে সাংবাদিকতার নামে গণমাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ছিল অত্যন্ত নেতিবাচক। তার মতে, সংবাদমাধ্যম নানা কারণে দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন সেখান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। ‘প্রশ্ন নয়, প্রশংসা’—এমন সংস্কৃতির পরিবর্তে গণমাধ্যমকে সত্যিকার অর্থে প্রশ্ন করার ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আব্দুল হাই শিকদার আরও বলেন, উপমহাদেশে গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ধূমকেতুর মাধ্যমে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্পাদক হিসেবেও সফল ভূমিকা রেখেছিলেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে কাজী নজরুল ইসলাম পদক চালুর প্রস্তাব দেন তিনি। পরে সভায় প্রস্তাবটি গৃহীত হয় এবং প্রতিবছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ দেওয়ার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল এডিটরস কাউন্সিল।
পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর বলেন, গত ১৭ বছরে সাংবাদিকতার নামে যা হয়েছে, তা গণমাধ্যমের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। তার অভিযোগ, সাংবাদিকতাকে দলীয় স্বার্থের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং নানা সুবিধা ও প্রলোভনের মাধ্যমে পেশাটিকে কলুষিত করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে এনইসিকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে তিনি মনে করেন।
ওয়াদা সম্পাদক ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সম্পাদকদের জন্য এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। এনইসি যেন পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য সবাইকে কাজ করতে হবে। এর মাধ্যমে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা আরও শক্তিশালী করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সভায় আরও বক্তব্য ও মতামত দেন নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান, নওরোজ সম্পাদক শামসুল হক দুররানি, কর্ণফুলী সম্পাদক (চট্টগ্রাম) আফসার উদ্দিন চৌধুরী, দৈনিক লোকসমাজ (যশোর) সম্পাদক শান্তুনু ইসলাম, নতুন প্রভাতের (রাজশাহী) সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক নিউটাইমসের সম্পাদক (ময়মনসিংহ) সাইফুল ইসলাম, দৈনিক জালালাবাদ সম্পাদক (সিলেট) মুকতাবিস উন নুর, যুগের চিন্তার (নারায়ণগঞ্জ) সম্পাদক মোরছালীন বাবলা, দৈনিক প্রবাহ (খুলনা) সম্পাদক মো. আশরাফ এবং বাংলাদেশ বাণীর (বরিশাল) সম্পাদক আযাদ আলাউদ্দীন।