
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন (৪০) ওরফে কানা জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জসিম উদ্দিন থানায় তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) হাইমচর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই গোলাম মোস্তফা, এসআই প্রিয়লাল ঘোষ, পিএসআই সৌরভ দাশ, এএসআই হান্নান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার হাইমচর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কে ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিম উদ্দিনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পেছনের গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-২২৬, তারিখ ৩১ আগস্ট ২০২৬।
পুলিশের প্রেস রিলিজে আরও বলা হয়, গ্রেপ্তার জসিম উদ্দিন ১৯ আগস্ট দায়ের হওয়া হাইমচর থানার একটি মামলারও এজাহারনামীয় আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৯২/৩৮৫/৪৬৩ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশের দাবি, জসিম উদ্দিনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।