
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে নেওয়া বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। জব্দ করা বাঁশের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বন বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নোয়াহাটি বাজার এলাকার সড়কে অভিযান চালিয়ে বাঁশবোঝাই মিনি ট্রাকটি জব্দ করা হয়। রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে নোয়াহাটি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা বিপুল পরিমাণ মূলী বাঁশবোঝাই মিনি ট্রাকটি আটক করা হয়। জব্দ করা মিনি ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩।
পরে স্থানীয়দের সহযোগিতায় মিনি ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে একটি চক্র গাছ, বাঁশ ও বালুসহ বিভিন্ন বনজ ও প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে আহরণ করে পাচার করছে। এতে বনাঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ তাদের।
বন বিভাগ জানিয়েছে, জব্দ করা মিনি ট্রাক ও বাঁশের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।