
মো. সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বাহুবলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শিবলো এবং যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।
এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়েও আলোচনা করেন।