

আফতাবুল ইসলাম মেহেরাব,হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকায় অবস্থিত মিসবাহুল উলুম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য, নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসবাহুল উলুম মাদ্রাসার উপদেষ্টা মো. সোহেল ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. সোহেল ভূঁইয়া বলেন, মিসবাহুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবছর শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল করে আসছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের পাশাপাশি হাইমচর উপজেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় সরকারি পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাও মাদ্রাসার অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারসহ বিভিন্ন বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টরা মতামত ও পরামর্শ দেন।
অভিভাবকরা মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সাফল্য আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন পরামর্শের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের কার্যক্রম শেষ হয়।